রাজ্যে কি ৩৫৬ ধারা লাগু হবে? অমিত শাহের বাংলা সফরের আগে বাড়ছে জল্পনা
দি নিউজ লায়ন ; ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলা দখলের ক্ষেত্রে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি৷এখন থেকে প্রতি মাসে পালা করে রাজ্য সফর করবেন বিজেপির প্রধান দুই মুখ তথা সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এরই মধ্যে রাজ্যে ৩৫৬ ধারা লাগু নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। তার মাঝেই রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিপিকে তলব করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে সেই তলবে সাড়া দেবেন না রাজ্যের দুই উচ্চপদস্থ কর্তা। এই পরিস্থিতিতে অমিত শাহর এই সফর আরও তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে রাজনৈতিক মহলের মত।
বিজেপি সূত্রের খবর, এবার রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ৷ আগামী ১৯ ডিসেম্বর দুই দিনের সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ মূলত কলকাতাতেই থাকবেন৷ তবে জেলা সফরেরও সম্ভাবনা আছে৷ প্রাথমিকভাবে ঠিক হয়েছে দলীয় নেতৃত্বের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনার পাশাপাশি কয়েকটি দলীয় কর্মসূচিতেও যোগ দেবেন শাহ৷ দক্ষিণের পাশাপাশি উত্তরেও সফর করতে পারেন।
ত্রিপুরায় যেভাবে বাম রাজত্বের আবসান ঘটিয়ে মোদী-শাহদের পথচলা শুরু হয়েছে, বাংলাতেও তার প্রতিফলন চান তাঁরা৷ আর সেই লক্ষ্য মাত্রা নিয়ে কেন্দ্রীয় নেতাদের পুরোদমে কাজে লাগাচ্ছেন মোদী-শাহ-নাড্ডারা৷ যেভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়েছে তাতে ক্ষোভপ্রকাশ করেছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
বিষয়টিকে রাজ্য সরকারের ব্যর্থতা হিসেবে দেখিয়ে নবান্নের উপর চাপ সৃষ্টি করার রাজনৈতিক কৌশল নিয়েছেন তাঁরা৷ বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার চেষ্টা করছে শাসক দল৷ এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই শাহ রাজ্যে এলে একদিকে যেমন তৃণমূলের উপর চাপ বাড়বে অন্যদিকে রাজ্যের বিজেপি নেতাদের মনবল আরও চাঙ্গা হবে৷

Post a Comment